দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা

44

কয়রা :

‘পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করি’—এই প্রত্যয়ে খুলনার কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা সিএসও কমিটির সভাপতি আঞ্জুমানারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. তোরাব আলী, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, সদর উদ্দিন আহমেদ, সিএসও কমিটির সদস্য রাসেল আহমেদ ও রেবেকা সুলতানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সাধারণ মানুষ, শিক্ষার্থী, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, ব্যাপকভাবে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, উপকূলীয় জনপদ কয়রা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত নানা ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে পরিবেশ সুরক্ষায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজনমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশের ক্ষতি কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন করা হয়। গম্ভীরার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পরে অতিথিরা সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।