দৈনিক খুলনা
The news is by your side.

হুসাইন আদনানকে ঘিরে দাকোপ উপজেলা ছাত্রদলে চলছে আলোচনা”

107

দাকোপ (খুলনা) :

দাকোপ উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় উঠে এসেছে বানিশান্তা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হুসাইন আদনানের নাম।

স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে হুসাইন আদনান বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বানিশান্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেছেন বলেও তারা উল্লেখ করেন।

নেতাকর্মীদের ভাষ্য, সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং তৃণমূলে গ্রহণযোগ্যতার কারণে সাধারণ সম্পাদক পদে হুসাইন আদনানকে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, দায়িত্ব পেলে তিনি উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুসাইন আদনানকে সাধারণ সম্পাদক হিসেবে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট, ছবি, ব্যানার ও শুভকামনামূলক বার্তা ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নেতৃত্বে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

তবে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন বা পদপ্রত্যাশীদের বিষয়ে এখনো কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে। তবে তৃণমূলের প্রত্যাশা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।