চট্টগ্রাম :
টানা প্রায় দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারী, অফিসফেরত মানুষ ও শিক্ষার্থীরা।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। ফলে অনেক এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে এবং রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও বিঘ্ন ঘটে।
পথচারীরা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে কর্মস্থল থেকে ফেরা মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
কাতালগঞ্জের বাসিন্দা পারভীন আক্তার বলেন, তার সন্তান নগরীর একটি হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় হাসপাতাল থেকে বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারছেন না। তিনি দ্রুত এ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।
বহদ্দারহাটের বাসিন্দা সরকারি কর্মকর্তা হেফাজুতুল ইসলাম বলেন, অফিস শেষে বাসায় ফেরার পথে বৃষ্টির কারণে রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। একই সঙ্গে রিকশা ভাড়াও কয়েক গুণ বেড়ে যায়, ফলে অতিরিক্ত ভাড়া দিয়েই বাসায় ফিরতে হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃষ্টি কমে আসার পর ধীরে ধীরে অধিকাংশ এলাকার পানি নেমে যেতে শুরু করেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।