দৈনিক খুলনা
The news is by your side.

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

30

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক মো. আতাউর রহমান সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি দল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।