দৈনিক খুলনা
The news is by your side.

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতর ঘটনায় তদন্ত কমিটি গঠন

40

সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী রেলস্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মো. মোশারেফ হোসেন ভূঁঞা জানান, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

তদন্ত কমিটির সদস্য ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারের জন্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন বেলা ১১টার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হবে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।