দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

26

সাতক্ষীরা :

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন নগর গড়ি’ এবং ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’—এমন নানা সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

বক্তারা অভিযোগ করেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ সৃষ্টি হচ্ছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ময়লা-আবর্জনা ছড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। শহরে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও ডাম্পিং স্টেশনের অভাব রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে এবং শহরের বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন থেকে শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত বর্জ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক কমিটির নেতা মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মণ্ডল, ইমতি জামিল, নুরজাহান খাতুনসহ অন্যান্যরা।

বক্তারা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।