দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

26

সাতক্ষীরা :

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ও এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামালনগর ও শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস হোসেন (৫০) এবং শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুর রাজ্জাক (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে শহরের কামালনগর গোরস্থান সংলগ্ন নিজ বাড়িতে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। এ সময় ঘরের পাশে রাখা ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়ি গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়দের ধারণা, ঘরের টিনের চালের ওপর থাকা বিদ্যুতের তারে ত্রুটির কারণে ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকাল আনুমানিক ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন আব্দুর রাজ্জাক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।