সাতক্ষীরা :
সাতক্ষীরার সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলার পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উদ্ধারকৃত মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি গ্রামে নিজ ঘর থেকে অমিত হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে। পুলিশ জানায়, অনলাইন জুয়া, ঋণের বোঝা ও মাদকাসক্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
অন্যদিকে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে মোবাইল টাওয়ারের পাশ থেকে মেহেদী হাসান নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এছাড়া আশাশুনি উপজেলার বেউলা লম্বাডাঙ্গা খাল থেকে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তার মরদেহ খালে পাওয়া যায়।