দৈনিক খুলনা
The news is by your side.

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

8

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং বিভিন্ন অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া সমুদ্রবন্দর ও নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, এই পরিস্থিতিতে মোংলা, চট্টগ্রাম, কক্সবাজারও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও বিশেষ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। তারা জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।