দৈনিক খুলনা
The news is by your side.

শ্রীনগর থেকে নিখোঁজ ৩ কিশোরী কক্সবাজারে উদ্ধার

23

মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ তিন কিশোরীকে কক্সবাজারের একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর গত শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে কক্সবাজারের কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গত ১৪ অক্টোবর সকালে শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর এলাকার ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রী এবং বালাসুর দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১৫ অক্টোবর শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে জানা যায়, নিখোঁজ এক ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফ্রি ফায়ার গেমের মাধ্যমে রাঙামাটির ১৬ বছর বয়সী এক কিশোরের পরিচয় হয়।

সংগৃহীত তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানা-পুলিশের একটি দল রাঙামাটির কোতোয়ালি থানায় গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিন ছাত্রী চট্টগ্রাম হয়ে কক্সবাজারে অবস্থান করছে। এরপর শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে কক্সবাজারের কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ছাত্রীরা নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দিয়ে ঢাকার মিরপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে ওই হোটেলে তিন দিনের জন্য ২০ হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নিয়েছিল। হোটেলকক্ষ ভাড়া নিতে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া কিশোরীরা জানায়, পারিবারিক অশান্তি, কঠোর অনুশাসন, মানসিক নির্যাতন ও স্বাধীনতাহীন জীবন থেকে মুক্তি পেতে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আকর্ষণ থেকে সম্ভাব্য বিপদের কথা না ভেবেই তারা ঢাকা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যায়। সেখান থেকে সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কিশোরীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।