ঢাকা :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার মোকাবিলা করা উচিত। দিল্লি থেকে দেশে ফেরার ঘোষণা তিনি রাজনৈতিক স্ট্যান্টবাজি বলেও মন্তব্য করেন।
সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ-সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদনগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুত আদালতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।
আমিনুল ইসলাম আরও বলেন, “হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন।”
এদিকে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।