দৈনিক খুলনা
The news is by your side.

“পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ”

13

পাইকগাছা (খুলনা) :

খুলনার পাইকগাছায় আগামী ২ জুলাই অনুষ্ঠিতব্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২৯ জুন) সকালে পৌর বাজারসহ উপজেলা সদরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

আগামী বুধবার (২ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত এ ক্যাম্পে এলাকার সব ধরনের চক্ষু রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।

তারা বলেন, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে চক্ষু সমস্যায় ভোগা সকলকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান আয়োজকরা।