বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে শিকারপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪৯ বিজিবির অধীন শিকারপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।