দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

22

শার্শা :

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ১৭ শতক জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার রহমান সরদার।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

অলিয়ার রহমান সরদার বলেন, তেবাড়িয়া গ্রামের ১৭ শতক জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে এবং ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকে জড়িয়ে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, এসব প্রতিবেদনে প্রকৃত ঘটনা ও তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিভিন্ন বক্তব্য তুলে ধরে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা পক্ষের বক্তব্যের ওপর নির্ভর করে একতরফাভাবে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া উচিত। তিনি গণমাধ্যমকর্মীদের প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

১৭ শতক জমি নিয়ে সৃষ্ট বিরোধকে রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে প্রভাবিত না করে আইন ও নিয়ম অনুযায়ী তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমির কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে অলিয়ার রহমান সরদার ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিক ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিহি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।