দৈনিক খুলনা
The news is by your side.

রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর

24

কুষ্টিয়ায় সড়কের পাশে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের বিভিন্ন অংশ শিয়ালের কামড়ের চিহ্ন দেখা যায় ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু ঘিরে টানাটানি করতে দেখেন। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো সরে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় সেখানে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। মরদেহটির একাংশ শিয়ালে ক্ষতবিক্ষত করেছে।

বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে কাজ করা অন্য কৃষকরা সেখানে ছুটে আসেন। পরে খবর

 

এরপর খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্ত করতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এজন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।

 

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।