দৈনিক খুলনা
The news is by your side.

যুব চেতনায় টিআরএম: উপকূলীয় জলাবদ্ধতা মোকাবেলায় বইয়ের মোড়ক উন্মোচন

22

সাতক্ষীরা :
উপকূলীয় অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা। এ উপলক্ষে ‘যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় টিআরএম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

রোববার (১৪ জুন) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং সদর উপজেলা পানি কমিটি যৌথভাবে এ সভার আয়োজন করে। ‘সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় উপকূলীয় অঞ্চলের নদী ও জলাবদ্ধতা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ। তিনি বইটির মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার বেতনা, মরিচ্চাপ, প্রাণসায়ের, লাবণ্যবতী ও সাপমারা নদীতে অতিরিক্ত পলি জমে নদীগুলো মৃতপ্রায় হয়ে পড়েছে। এর ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় প্লাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন, কৃষি ও জীববৈচিত্র্য।

বক্তারা আরও জানান, নদী খনন, খাল পুনঃখনন ও স্লুইসগেট সংস্কারের মতো প্রচলিত পদ্ধতি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান দিতে পারেনি। এ সংকট মোকাবেলায় টিআরএম বা জোয়ারাধার পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

মোড়ক উন্মোচিত বইটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের সংকট, টিআরএম পদ্ধতির বৈজ্ঞানিক ও স্থানীয় কার্যকারিতা এবং নদী রক্ষা আন্দোলনে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রকাশনা যুবসমাজকে নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করবে।

সভায় পানি কমিটি ও যুব পানি কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত টিআরএম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।