দৈনিক খুলনা
The news is by your side.

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

37

বেনাপোল :

যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ, একটি প্রাইভেটকার এবং দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

আটকরা হলেন যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আনিস (৩৬) এবং নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মাহবুবুল হক (৪৫)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। পরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণগুলো পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করে।

উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক দুই ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালান কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।