দৈনিক খুলনা
The news is by your side.

“মোরেলগঞ্জে ১৩ চাষির মাঝে ৫০ হাজার মাছের পোনা বিতরণ”

22

মোরেলগঞ্জ  :
বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষিদের উৎসাহিত করতে ১৩ জন মৎস্যচাষির মাঝে ৫০ হাজার মাছের পোনা ও বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের হাতে মাছের পোনা ও উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় চাষ প্রদর্শনী পুকুরের জন্য নির্বাচিত ১৩ জন চাষিকে টেংরা, তেলাপিয়া, তারা বাইন, শিং ও মাগুর মাছের মোট ৫০ হাজার পোনা বিতরণ করা হয়। পাশাপাশি মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চারটি অক্সিজেন তৈরির মেশিনও দেওয়া হয়।

এছাড়া পরিবেশবান্ধব সমন্বিত কৃষি ও মৎস্যচাষকে উৎসাহিত করতে উপকারভোগীদের মাঝে নারকেল গাছের চারা, বেগুনের চারা এবং সাত ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনূর আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চাষিদের আয় বৃদ্ধি করতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিয়মিত সহায়তা প্রদান করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের পাশাপাশি কৃষির সঙ্গে সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে তুললে চাষিরা আরও বেশি লাভবান হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।