দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে চার দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

22

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিনের মোড়কে পণ্য সরবরাহ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার পৃথক অভিযানে এসব অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তামিম মেডিকেল ও তাজ মেডিকেল ফার্মেসিতে অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির জন্য রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং বিশেষ তাপমাত্রায় ওষুধ রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিজ না থাকার বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনা থাকলেও নিষিদ্ধ পলিথিনের মোড়ক ব্যবহারের দায়ে মোরেলগঞ্জ সদর বাজারের মেসার্স ভাই ভাই ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেসার্স মিরাজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক, জেলা পাট কর্মকর্তা বাসুদেব হালদার এবং মোরেলগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।