মোংলা :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় এক গোলের ব্যবধানে জয়লাভ করে যুবদল।
বৃহস্পতিবার বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার মাঠে মোংলা আজিজ স্পোর্টিং ক্লাবের সৌজন্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত ম্যাচকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় স্বেচ্ছাসেবক দলের বিপক্ষে এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে যুবদল।
খেলা শেষে বিজয়ী দল ও ভালো খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা। এ সময় বিএনপির নেতৃবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।
নেতৃবৃন্দ বলেন, খেলাধুলার মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার ছয় ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উৎসুক সাধারণ মানুষ।
খেলা শেষে উপস্থিত লোকজনের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। এর আগে একই স্থানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।
খেলার আয়োজক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ মোড়ল বলেন, দলের দুঃসময়ে পাশে থাকা নেতা-কর্মীদের সম্মান জানানো, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।