দৈনিক খুলনা
The news is by your side.

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

36

ফকিরহাট :

আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে এককভাবে মাদক নির্মূল করা কঠিন। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে জনবল ও সক্ষমতা রয়েছে, শুধু তা দিয়ে মাদক নির্মূল করা খুবই কঠিন। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।