দৈনিক খুলনা
The news is by your side.

বৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইসলামী ব্যাংক কেশবপুর শাখার গ্রাহক সমাবেশ

32

যশোর:

কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্যদের নিয়ে এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. হেলাল উদ্দিন

সভায় প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতি সেলিম চৌধুরী ইসলামী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা, নিরাপদ লেনদেন ব্যবস্থা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানো উচিত। এতে পরিবার নিরাপদে অর্থ গ্রহণ করতে পারে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়। ইসলামী ব্যাংক দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করে আসছে।

তিনি আরও জানান, যেসব গ্রাহক ১-৩০ জুন ২০২৬ পর্যন্ত MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে ব্যাংক সকল প্রকার চার্জ ও খরচ মওকুফ করবে এবং হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করবে। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি গ্রাহকদের নিজ নিজ শাখার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল বলেন, বর্তমান সময়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ শুধু একটি ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত নয়, বরং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম প্রধান উপায়। ইসলামী ব্যাংকের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রবাসী পরিবারগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে।

বিশেষ অতিথি আব্দুল ওয়াদুদ বলেন, গ্রাহকদের নিয়মিত ব্যাংকের সেবা ও নতুন সুবিধাগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। যেকোনো প্রয়োজনে সরাসরি শাখার সঙ্গে যোগাযোগ করলে দ্রুত ও সর্বোত্তম সেবা পাওয়া সম্ভব হবে।

মতবিনিময় পর্বে প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্যরা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতি সেলিম চৌধুরী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও গ্রাহকবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, বৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য।