দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা, হত্যা চেষ্টার অভিযোগ

29

শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শার্শা উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের কাজে নিজ বাসা থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হন সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি চিকিৎসা গ্রহণ করেন।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু জানান, প্রতিদিনের মতো তিনি সংবাদ সংগ্রহের কাজে বের হয়েছিলেন। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়। তিনি আরও জানান, সকালে তার সেজো ভাইকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনা নিয়ে শার্শা থানায় সালিস হওয়ার কথা ছিল।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।