দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

19

বেনাপোল :

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল চেকপোস্ট এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৩৮টি শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৪ কেজি কিশমিশ, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাবে আটক পণ্যগুলোর সিজার মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।