সাতক্ষীরা :
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সাতক্ষীরায়ও বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, বিএনপি নেতা মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মো. আব্দুল ওয়াহেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সময় টেলিভিশনের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়েব হাসান বাবু, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ও জলাশয় সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রকৃতি ও পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।