দৈনিক খুলনা
The news is by your side.

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারী

29

সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামানের কাছ থেকে ফুলের মালা গ্রহণ করে ১২ জন বিএনপিতে যোগ দেন। আয়োজকদের দাবি, যোগদানকারীরা আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গাজী নজরুল ইসলামের অনুসারী হিসেবে কাজ করতেন।

নবযোগদানকারীরা হলেন—কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান বাবু।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ বলেন, যোগদানকারীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা আগে গাজী নজরুল ইসলাম ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

সভায় বিএনপি নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। তারা নতুন যোগদানকারীদের দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানান।