দৈনিক খুলনা
The news is by your side.

বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

26

বেনাপোল :

দেশে টানা অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়ে বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষ দ্রুত আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চালানটি রাতেই ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।

আমদানিকৃত চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ এবং খালাস কার্যক্রম পরিচালনা করে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে অপেক্ষমাণ রয়েছে, যা মঙ্গলবার (৪ আগস্ট) বন্দরে প্রবেশ করার কথা।

আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার মোট ব্যয় হয়েছে প্রায় ১৩৫ টাকা। তিনি বলেন, সামান্য লাভে বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে কাঁচা মরিচের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে কাস্টমস প্রক্রিয়া, রাজস্ব এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকদের খরচও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, বেনাপোল কাঁচাবাজারে সোমবার প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের আশা, আমদানির পরিমাণ বাড়লে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং দামও কমে আসবে।

আমদানি সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্কসহ পরিবহন, বন্দর, কাস্টমস ও খালাস ব্যয় যুক্ত হয়ে প্রকৃত আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কাঁচা মরিচের উচ্চমূল্যে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বাজারে কার্যকর তদারকি বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই আমদানি কার্যক্রম শুরু করা হয়েছে।