দৈনিক খুলনা
The news is by your side.

ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান

4

ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়, মানবতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতিভা বিকাশে ইনস্টিটিউটের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘অন্ধকে আলো দেওয়ার মতো ভালো কাজ আর কিছু হতে পারে না।’

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, ওই সময় ২০ দিনে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেকেই হাত-পা ও শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন। এসব ঘটনা দেখেও যারা নীরব থাকেন, তাদের চোখ খোলার আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যদি অপরাধ করি, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন।’ সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতি দায়িত্ব পালন করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত এমন একটি বাংলাদেশ গড়তে হবে। ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাতে রাসুল (সা.) ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল— ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা।’