দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় খাল পরিষ্কারে আনসার-ভিডিপি

জলাবদ্ধতা নিরসন ও মশার উপদ্রব রোধে জনকল্যাণমূলক উদ্যোগ

8

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা এবং মশার উপদ্রব কমাতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা।

সম্প্রতি ইউনিয়নের জোড়া বটতলা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় খালে জমে থাকা কচুরিপানা ও বিভিন্ন ধরনের জলজ আবর্জনা অপসারণ করেন ভিডিপি সদস্যরা। ফলে খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্থির পানিতে মশার বংশবিস্তার রোধে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে।

দামোদর ইউনিয়ন দলনেতা আবুল খায়ের ও দলনেত্রী পারভীন বেগমের নেতৃত্বে ভিডিপি সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন। তারা খালের বিভিন্ন স্থানে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করেন।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। বর্ষা মৌসুমে এর ফলে আশপাশের এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি স্থির পানিতে মশার বংশবিস্তার হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগও বাড়ে।

খালটি পরিষ্কার করায় পানি নিষ্কাশন সহজ হওয়ার পাশাপাশি মাদ্রাসা, এতিমখানা ও আশপাশের এলাকার পরিবেশও পরিচ্ছন্ন হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমাতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা বলেন, জনদুর্ভোগ লাঘব, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে আনসার-ভিডিপির সম্পৃক্ততা আরও জোরদার হচ্ছে।

জননিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আনসার ও ভিডিপি সদস্যরা নিয়মিতভাবে জনসম্পৃক্ত ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।