দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

27

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর টানা প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে মৃদুল সরকার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফকিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।