দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

33

ফকিরহাট :

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মুর্শিদুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি মাতৃস্বাস্থ্য, শিশুর সুরক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জনসচেতনতা বৃদ্ধি ও মানসম্মত পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।