দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ঘর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

46

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে নিজ বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সুজন শেখ ওই গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার ভোরে সুজনের স্ত্রী হোসনেআরা বেগম তাঁকে ঘরে মৃত অবস্থায় দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী হোসনেআরা বেগম জানান, শনিবার রাতে তাঁরা স্বামী-স্ত্রী ও সন্তান একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। তবে কী কারণে এমন ঘটনা ঘটতে পারে, তা তিনি জানাতে পারেননি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।