দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

17

শার্শা :

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল পৌর এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী পৌর গেট চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বলেন, গাছ শুধু পরিবেশ সংরক্ষণই করে না, জীববৈচিত্র্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের সবুজায়ন কর্মসূচিকে সফল করা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।