দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশ ভেবেছিল ৮ হাজার, এলো ৫০ হাজারের বেশি মানুষ

দিল্লিতে বিক্ষোভ

30

দিল্লিতে ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের সংখ্যা সঠিকভাবে অনুমান করতে না পারায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিরাপত্তা পরিস্থিতি। গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশ ধারণা করেছিল, আন্দোলনে সর্বোচ্চ ৭ থেকে ৮ হাজার মানুষ অংশ নেবে। কিন্তু সোমবার (২০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ৫০ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হলে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে।

ভারতের পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশন চলাকালে আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ বিভিন্ন ব্যবস্থা নেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, যন্তর-মন্তরে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানে প্রায় ৩ হাজার মানুষের ধারণক্ষমতা থাকলেও রোববার সন্ধ্যার মধ্যেই সেখানে প্রায় ৫ হাজার মানুষ জড়ো হন। এরপরও দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগ সোমবার সকাল পর্যন্ত অংশগ্রহণকারীর সংখ্যা ৭ থেকে ৮ হাজারের মধ্যে থাকবে বলে ধারণা করেছিল।

তবে বাস্তবে দিল্লির বিভিন্ন এলাকায় মিলিয়ে বিক্ষোভকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়, যা নিরাপত্তা ব্যবস্থাকে চরম চাপে ফেলে। পরিস্থিতির অবনতি হলে রাজধানীর কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভের প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা নিরূপণে পুলিশের ভুল হিসাব নিয়েও দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।