দৈনিক খুলনা
The news is by your side.

পায়রা বন্দরে ৭০ টন বোলার্ড পুল ক্ষমতার টাগবোট ‘পটুয়াখালী-৪’ উদ্বোধন

21

‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় শিল্পের বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডগুলো দেশীয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতায় জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা শিল্পে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘পটুয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আলী লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পায়রা বন্দরের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট হিসেবে ‘পটুয়াখালী-৪’ নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুরের Navnautic Private Limited-এর নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে টাগবোটটি নির্মাণ করা হয়।

‘পটুয়াখালী-৪’-এর দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১,১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ সেবাগতি ঘণ্টায় প্রায় ১৩ দশমিক ৮ নট। আধুনিক Z-Drive Propulsion System-সংবলিত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হবে।

টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো আধুনিক Fire Fighting System। পাশাপাশি রেসকিউ অপারেশন, আন্ডারওয়াটার সার্ভে ও স্যালভেজ কার্যক্রম এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে।

দুর্যোগপূর্ণ ও প্রতিকূল আবহাওয়ায় নিরাপদে চলাচলের সক্ষমতাসম্পন্ন ‘পটুয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে উন্নতমানের জাহাজ ও টাগবোট নির্মাণের ক্ষেত্রে আরও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি জাহাজ মেরামতের অভিজ্ঞতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট নির্মাণ দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের কারিগরি উৎকর্ষ, নিজস্ব সক্ষমতা ও অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

পায়রা বন্দরের সার্বিক কার্যক্রমে সহায়তা দেওয়ার পাশাপাশি টাগবোটটি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।