দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শনে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক

26

পাইকগাছা :

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম কেন্দ্র পরিদর্শন।

গত ১০ ও ১১ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেও টানা দুই দিন তিনি কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক কেন্দ্রের সার্বিক গবেষণা কার্যক্রম, গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গবেষণার গুণগত মান আরও উন্নত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভবিষ্যৎ গবেষণা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্রপ্রধান ড. আজহার আলীর তত্ত্বাবধানে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম সাজেদ রিয়ার, শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন, ফাল্গুনী বিশ্বাসসহ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

মহাপরিচালকের এ সফর কেন্দ্রের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।