দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার দেলুটিতে রেড ক্রিসেন্টের স্বাস্থ্য ক্যাম্প

10

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট পরিচালিত ‘উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচি -এর আওতায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পে দেলুটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে নিবিড় আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক ও একজন স্বাস্থ্য সহকারীর সরাসরি তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পাওয়ায় তাদের দূরের হাসপাতালে যাতায়াতের সময় ও খরচ সাশ্রয় হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ ও কার্যকর করেছে।

স্বাস্থ্য ক্যাম্পটি সরেজমিনে পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস. এ. রহমান বাবুল।

এ সময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। সরকারি স্বাস্থ্য অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালনার ফলে প্রত্যন্ত এলাকার মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, এ স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারি উপজেলা স্বাস্থ্যব্যবস্থা এবং স্থানীয় কমিউনিটির মধ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও এই ত্রিমুখী সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে দেলুটির দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি ও টেকসই ভিত্তি হিসেবে কাজ করবে।