পাইকগাছা :
পাইকগাছায় সুমিত্রা ঘোষ (৭০) নামে এক বিধবা বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত সুমিত্রা ঘোষ সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তালা হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক জখম হয়েছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ২৮ মার্চ একই পরিবারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই সময় নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরপর এমন ঘটনায় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
খবর পেয়ে থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ##