দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় নেশার টাকা না পেয়ে বাবাকে ইটের আঘাত, ছেলে আটক

64

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে বাবা শহীদ গাইনের (৫৫) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিন গাইনের (২৩) বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহীদ গাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত আমিন গাইনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নেশার টাকা না দিলে আমিন প্রায়ই তাঁর মা-বাবাকে মারধরসহ নানা ধরনের নির্যাতন করতেন। এমনকি তাঁদের আত্মহত্যার হুমকিও দিতেন বলে অভিযোগ করেন তাঁরা।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করলে শনিবার দুপুরের দিকে পাইকগাছা থানা পুলিশের এসআই পিংকু ও এসআই একরামুল হক অভিযান চালিয়ে আমিনকে আটক করেন।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, মা-বাবার অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে আমিনকে মাদকসহ আটক করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানান, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।