পাইকগাছা :
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে জায়গাজমি দখলচেষ্টা এবং দোকানঘর ভাঙচুরের হুমকির অভিযোগে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী এলাকায় বিরোধপূর্ণ জমির পাশে সড়কে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়ার্দার এবং উপজেলা ওলামা দলের সদস্য সচিব শফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক দাবিদার দক্ষিণ কুমখালী গ্রামের মৃত বল্লভ মণ্ডলের ছেলে সুকেশ মণ্ডল ও অনিমেষ মণ্ডল। তারা অভিযোগ করেন, পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্ত প্রায় ২০ বিঘা কৃষিজমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। সম্প্রতি একই দাগ ও খতিয়ানের একটি অংশের মালিকানা দাবি করে অপর পক্ষ ওই জমি দখলের চেষ্টা করছে।
তাদের অভিযোগ, গত দুই বছর ধরে বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সহযোগিতায় জমি দখলের চেষ্টা চলছে। পাশাপাশি তাদের মুদি দোকান ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হরিমতি মণ্ডল, কৃষ্ণপদ মিস্ত্রি, মিরা মৈত্র, নিভা সরকার, দীপালি মণ্ডল, আরতি মণ্ডল, সুপ্রিয়া মণ্ডল, রুমা মণ্ডল, মুক্তি সরকার, যোগেশ মণ্ডল, সুভাষ মণ্ডল ও অমিত সরকার।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মিজান জোয়ার্দার এবং ওলামা দল নেতা শফিকুল ইসলামের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।