দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় চিংড়ি ঘের দখলচেষ্টার অভিযোগ, উত্তেজনা

23

খুলনা:

পাইকগাছায় একটি চিংড়ি ঘের জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘের মালিক ইকবাল হোসেন কাগজী প্রতিপক্ষ কেএম মাহবুবুর রহমান মন্টুর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কেওড়াতলা মৌজায় ইকবাল হোসেন কাগজীর ৭ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। তিনি দাবি করেন, পৈত্রিক সূত্র, কোবলা ও ডিসিআরের মাধ্যমে তিনি দীর্ঘ ৪৭ বছর ধরে জমিটি ভোগদখল করে আসছেন।

ঘেরের ৭৩ শতক জমি নিয়ে ইকবাল হোসেন কাগজী ও শিববাটী গ্রামের কেএম মাহবুবুর রহমান মন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইকবালের অভিযোগ, মন্টু ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। বুধবার সকালে মন্টু ও তার লোকজন ঘেরের পাশে একটি ঘর নির্মাণের চেষ্টা করলে বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইকবাল হোসেন কাগজী জানান, তিনি বাংলা ১৩৮৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআরের মূল্য পরিশোধ করেছেন এবং জমি নিয়ে তার অনুকূলে উচ্চ আদালতের ডিগ্রিও রয়েছে।

অন্যদিকে মাহবুবুর রহমান মন্টু বলেন, নালিশি জমি নিয়ে তার পক্ষেও উচ্চ আদালতের ডিগ্রি রয়েছে। ভূমি অফিস থেকে দখল প্রমাণের কথা বলা হওয়ায় তিনি জমিতে গিয়েছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি জানান, উভয় পক্ষের অনুকূলে আদালতের ডিগ্রি রয়েছে। তবে ইকবাল হোসেন কাগজী পূর্বের ডিসিআর গ্রহীতা এবং দীর্ঘদিন ধরে জমি ভোগদখলে আছেন। উভয় পক্ষই ডিসিআরের জন্য আবেদন করেছেন। শুনানি শেষে দখল ও আইনগত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।