দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় আলমতলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি

32

পাইকগাছা :

খুলনার পাইকগাছার আলমতলা গ্রামের একটি বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসীর পক্ষে মো. টুটুল।

সোমবার (৩১ আগস্ট) পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গত ২৯ আগস্ট একই স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার পক্ষের লোকজনের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, হামলা, ভাঙচুর ও লুটপাটের যেসব অভিযোগ করা হয়েছে, তার প্রতিবাদ ও নিন্দা জানান।

লিখিত বক্তব্যে মো. টুটুল বলেন, গত ২৯ আগস্ট মো. তনু জমাদ্দার, আলমগীর জমাদ্দার, ফাতেমা বেগম, নাসিমা বেগম, তানভীর জমাদ্দার ও বাবু জমাদ্দার তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। তার দাবি, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একপেশে বক্তব্য দেওয়া হয়েছে।

মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ অস্বীকার করে টুটুল বলেন, তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে এ ধরনের গুরুতর অভিযোগে অভিযুক্ত না করার আহ্বান জানান তিনি। একইভাবে চাঁদাবাজি ও জমি জবরদখলের অভিযোগও কোনো দলিল বা নিরপেক্ষ সাক্ষ্য ছাড়া করা হয়েছে বলে দাবি করেন তিনি।

৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও অস্বীকার করেন সংবাদ সম্মেলনের বক্তারা। তাদের দাবি, ঘটনার পেছনের পূর্ববর্তী বিরোধ ও প্রকৃত কারণ আড়াল করে একপক্ষকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—৫ আগস্টের ঘটনাসহ সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তদন্তের আগে কাউকে হয়রানি না করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, মিথ্যা অভিযোগের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বন্ধ করা, আলমতলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুই পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরা।

বক্তারা বলেন, তারা কোনো সংঘাতে জড়াতে চান না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হোক—এটাই তাদের প্রত্যাশা। একই সঙ্গে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা।