দৈনিক খুলনা
The news is by your side.

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল গ্রহণ

30

রাজধানী:
রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আপিলের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য সোহেল রানার করা জেল আপিল কার্যতালিকার ৩৪ নম্বরে এবং স্বপ্না আক্তারের আবেদন ৩৫ নম্বরে ছিল। শুনানি শেষে আদালত উভয় আবেদন গ্রহণ করেন।

এর আগে শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য প্রেরিত নথি) হাইকোর্টে পৌঁছায়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। এছাড়া ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

একইসঙ্গে আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও নির্দেশ দেন, জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ আইনগত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করতে হবে।