দৈনিক খুলনা
The news is by your side.

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা

25

খুলনা :

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে জার্নালিজম ফর সুন্দরবন সাংবাদিক ফোরাম, খুলনার এক সভায়।

রবিবার (২৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন সাংবাদিক ফোরামের আহ্বায়ক এনামুল হক-এর সভাপতিত্বে এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের এম অ্যান্ড ই অফিসার দীপ সাহা-র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা জামান পপলু, কৌশিক দে, প্রবীর কুমার বিশ্বাস, উত্তম মণ্ডল, কাজী শামীম আহমেদ, কামাল হোসেন, প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, রমেন রায়, রুহুল আমিন, সাইফুর রহমান, দীপক কুমার, ইয়াসির আরাফাত, ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজশিপন ভূইয়াসহ অন্যান্যরা।

সভায় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভাশিস ভট্টাচার্য এবং প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা

বক্তারা বলেন, সুন্দরবন রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে ধারাবাহিক গণমাধ্যম প্রচারণা জরুরি। পাশাপাশি বনদস্যুদের দৌরাত্ম্য দমন, পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ, বিষ দিয়ে মাছ ধরা রোধ, বনজ সম্পদ লুট ও পাচার প্রতিরোধে বন বিভাগের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত এবং স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সুন্দরবন সংরক্ষণ ও দূষণ প্রতিরোধ বিষয়ে আরও বেশি অনুসন্ধানী ও বিষয়ভিত্তিক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়।

সভা শেষে সুন্দরবন সুরক্ষা এবং পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ে মানসম্মত প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আবু হেনা মোস্তফা জামান পপলু এবং কৌশিক দে-কে সম্মাননা প্রদান করা হয়।