দৈনিক খুলনা
The news is by your side.

পরীক্ষায় হবু স্ত্রীকে ‘সহযোগিতা’, ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন এনসিপি নেতা

20

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি ব্যবহারিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করলে পরীক্ষাকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, ব্যবহারিক পরীক্ষা শুরুর আগে আশরাফ শেখ কেন্দ্রে প্রবেশ করেন। তার হবু স্ত্রী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি পরীক্ষার সময় তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেন। বিষয়টি একই কক্ষে পরীক্ষা দেওয়া কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে তারা প্রতিবাদ জানায়।

এ সময় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলামসহ কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে আশরাফ শেখের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি নিজেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের গালাগাল ও ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কেন্দ্রের বাইরে এসে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আশরাফ শেখকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি দৌড়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন।

এ সময় ইটের আঘাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে।

ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আশরাফ শেখের বাকবিতণ্ডার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ইটের আঘাতে তিনি আহত হন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান তিনি।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষকদের কক্ষে অবস্থানরত আশরাফ শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আশরাফ শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরীক্ষাকেন্দ্রে বহিরাগতদের প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল।