দৈনিক খুলনা
The news is by your side.

পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের পুনর্বাসনে জোর, ১৭ জেলায় চলছে ৩৩ কেন্দ্র

27

পথশিশু ও ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সরকারের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সমন্বিত পুনর্বাসন কেন্দ্র পরিচালনার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষার জন্য বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা, কাউন্সেলিং ও পুনর্বাসনসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কার্যক্রমও চলমান রয়েছে। সমাজের মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে কুইক রেসপন্স টিমকে আরও কার্যকর ও শক্তিশালী করা হচ্ছে।

সরকারের এ উদ্যোগকে সমাজের পিছিয়ে পড়া শিশুদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।