দৈনিক খুলনা
The news is by your side.

নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

23

সাতক্ষীরা :

নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত, সুস্থ ও কর্মক্ষম রাখতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুরে জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার সুমাইয়া রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম ভিত্তি। নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি যে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা। তিনি নারীর প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং মানসিক সুস্থতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “সুস্বাস্থ্য নারীর অধিকার। নারীরা ত্যাগের প্রতীক হলেও নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া জরুরি। শারীরিক, মানসিক ও সামাজিক—এই তিনটি দিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।”

তিনি হট ফ্ল্যাশ, মুড সুইংসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় পারিবারিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ক্ষেত্রে কিশোরীদের ওপর মানসিক চাপ সৃষ্টি না করে সঠিক যৌন শিক্ষা প্রদান এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক কুসংস্কার ও সচেতনতার অভাবের কারণে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য নানা ঝুঁকির মুখে পড়ে। এসব সমস্যা মোকাবিলায় পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষা সম্প্রসারণ এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার রিসোর্স পার্সন সুলতান মাহমুদ।

সভা শেষে অংশগ্রহণকারীরা নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।