দৈনিক খুলনা
The news is by your side.

নদী কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাপা নেতাদের বৈঠক, সাতক্ষীরার নদী-খাল রক্ষায় সামাজিক আন্দোলনের তাগিদ

34

সাতক্ষীরা :

বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মকসুমুল হাকিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরার পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলার নদী ও খাল দখলের বর্তমান পরিস্থিতি, অবৈধ দখল উচ্ছেদ এবং নদী-খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলা পর্যায়ের পরিবেশকর্মীরা সাতক্ষীরার প্রধান প্রধান নদী ও খালের বেহাল দশা, অবৈধ দখল এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী বলেন, “দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের সংকট কমবেশি একই রকম। এই সংকট কাটিয়ে উঠতে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়; সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নদী রক্ষায় প্রতিটি এলাকায় জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।”

বৈঠকে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা উপদেষ্টা এম কামরুজ্জামান, উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক ও বাপার জেলা সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ অন্যান্য পরিবেশকর্মী।

বৈঠকে সাতক্ষীরার নদী-খাল রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।