প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর অংশ হিসেবে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে সরকারি ব্যয় ও আয়ের ব্যবধান বিবেচনায় বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি থেকে ২ লাখ ৫১ হাজার কোটি টাকার মধ্যে।
অর্থমন্ত্রী বলেন, এই ঘাটতি দেশীয় ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। তবে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনীতির ভারসাম্য রক্ষার বিষয়েও সরকার সতর্ক থাকবে।
প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে রাজস্ব আহরণ বৃদ্ধি, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।