ডেস্ক রিপোর্ট:
ভারতে প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে পাঞ্জাবের হাজার হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ অংশ নিতে তারা যাত্রা শুরু করলে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় হরিয়ানা পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।
তবে পাঞ্জাবের কৃষকদের বাধা দেওয়া হলেও হরিয়ানার আমবালা, কুরুক্ষেত্রসহ পার্শ্ববর্তী জেলার স্থানীয় কৃষকরা দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শম্ভু সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কৃষক নেতাদের অভিযোগ, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভেতরে প্রবেশ করে ব্যারিকেড তৈরি করেছে এবং এ বিষয়ে পাঞ্জাব সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির (কেএমএসসি) নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভর্তুকিপ্রাপ্ত কৃষিপণ্য ভারতের বাজারে প্রবেশ করলে দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক টিকে থাকতে পারবেন না। বিশেষ করে প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবার নির্ভরশীল দুগ্ধ খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে, সোমবার (২০ জুলাই) দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর রাজধানীতে নতুন করে কৃষকদের সমাবেশ কেন্দ্রীয় সরকারের জন্য আরও চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কৃষক সংগঠনগুলোর দাবি, প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির সব নথি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি স্বাক্ষর করা যাবে না।